সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার, বারদী ও সনমান্দি ইউনিয়নের ১০ কিলোমিটার লাইনের প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল বুধবার সকালে পৌরসভার চাঁদেরকির্তি এলাকা থেকে বারদী পর্যন্ত রাস্তার পাশের পাইপলাইনগুলো বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাস কোম্পানি গ্যাস পাইপগুলো তুলে নষ্ট করে নিয়ে যায়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যাক র্যাব ও পুলিশ উপস্থিত ছিলেন।
তিতাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডেপুটি ম্যানেজার রিফাত আবদুল্লাহ জানান, সোনারগাঁওয়ের কিছু অসাধু ঠিকাদারের যোগসাজশে এলাকার প্রভাবশালীরা অবৈধভাবে কয়েক কিলোমিটার গ্যাস সংযোগ নিয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে তারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে সরকারের কোটি কোটি টাকার গ্যাস অপচয় করছে। এর আগেও এ লাইনটি কয়েকবার বিছিন্ন করা হয়। লাইনটি পুনরায় অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে পুনরায় দুই কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন তুলে বিচ্ছিন্ন করা হচ্ছে। কেউ যদি পুনরায় সংযোগ দিতে চায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এ ১০ কিলোমিটার সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে এ লাইনের আওতায় প্রায় ৫ হাজার অবৈধ আবাসিক লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রতি মাসে সরকারের প্রায় ৯ কোটি টাকার গ্যাসের অবচয় রোধ হয়েছে। তিনি আরো জানান, এ অবৈধ সংযোগ লাইনে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।