হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সদর) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ উপজেলা চেয়ারম্যান থাকার কারণে প্রার্থীতা স্থগিত হয়ে যাওয়ার পর নির্বাচনী প্রচারণায় ভাটা পড়েছে। এদিকে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী মাঠে না থাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
আওয়ামী লীগের প্রার্থী ছাড়া যদিও আরও তিনজন প্রার্থী ভোটের মাঠে আছেন, কিন্তু তাদের সাংগঠনিক অবস্থান তেমন ভালো না থাকায় তারা ভোটের মাঠে সুবিধা করতে পারছেন না। এমনকি বিএনপি-জামায়াতের ভোটাররাও তাদের পক্ষে অবস্থান নিতে চাচ্ছেন না। এসব প্রার্থীদের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাও. ফকরুল ইসলামের অবস্থান কিছুটা ভালো। তাছাড়া মাঠে রয়েছেন বাসদের মই প্রতীকের অ্যাডভোকেট আসসাদুল ইসলাম এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের আবু তালেব। এলাকায় আওয়ামী লীগ প্রার্থী তাহ্জীব আলম সিদ্দিকী ও তার কর্মী-সমর্থকরা যদিও শহরের পাড়া-মহল্লা ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ভোটারদের কাছে এর গুরুত্ব অনেকটাই কমে এসেছে। সব মিলে ঝিনাইদহ-২ আসনে চলছে নিরুত্তাপ ভোটযুদ্ধ।