ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিন সম্পাদকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আগাম জামিন পেয়েছেন। আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে চার সপ্তাহের জামিন দেন। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। গতকাল বুধবার আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেল কেন্দ্রিক কারবার নিয়ে প্রকাশিত প্রতিবেদনের কারণে মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে মামলাটি করেন সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। গত ১০ মার্চ করা ঐ মামলায় মানবজমিনের প্রতিবেদক আল আমীনসহ মোট ৩২ জনকে আসামি করা হয়।