করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে কেউ যেন নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে পণ্য বিক্রি না করতে পারে সেজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম গতকাল বুধবার রাজধানীর উত্তরার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিডিআর কাঁচাবাজার মার্কেটে মূল্য তালিকা না টানানোর অপরাধে বরিশাল জেনারেল স্টোর, রুবেল জেনারেল স্টোর এবং ১১ নম্বর সেক্টর কাঁচা বাজারের বাড়িয়া জেনারেল স্টোর, মায়ের দোয়া জেনারেল স্টোর, বিসমিল্লাহ জেনারেল স্টোর ও উত্তরা জেনারেল স্টোরসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল। অভিযানের সময় করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত না হয়ে অতিরিক্ত পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষদের অনুরোধ জানানো হয়।