মোদির বক্তব্যে দুই দেশের সম্পর্ক গভীরতর হবে ------- জি এম কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপার চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি, তার এই ভাষণে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেগবান ও গতিশীল হবে, যা দুই দেশের জনগণের মধ্যে বিরাজমান নিবিড় সম্পর্ক আরো গভীরতর করতে এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথকে সুগম করবে। জি এম কাদের বলেন, করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ সফর করতে না পারলেও ভিডিও কনফারেন্সে দেওয়া জ্ঞানদীপ্ত ভাষণে বাংলাদেশের মানুষের প্রতি তার একান্ত অনুভূতি ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। নরেন্দ্র মোদি তার ভাষণে বঙ্গবন্ধুকে যেমন উপযুক্ত প্রশংসায় সিক্ত করে সম্মান দেখিয়েছেন, তেমনি তার সুউচ্চ মর্যাদাকে আরো সমুন্নত করে তুলেছেন।