রাজধানীতে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে তার মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁয়ের দক্ষিণ বনশ্রী রূপশ্রী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা করা হয়েছে। পুলিশ গতকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম কার্তিক বণিক।
স্বজনরা জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে তিনি (কার্তিক বণিক) নিজ মোটরসাইকেলে করে বনশ্রীর প্রতীক রূপশ্রী আবাসিক এলাকার বাসায় ফিরছিলেন। এসময় গেটের সামনে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে কার্তিক বণিকের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার টাকা কেড়ে নেয়। এরপর মোটরসাইকেল কেড়ে নেওয়ার সময় তিনি ‘বাঁচাও বাঁচাও’ বলে চিত্কার দেওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করলে তিনি রাস্তায় পড়ে যান। পরে ছিনতাইকারীরা তার মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় প্রায়ই ছিনতাইসহ নানা অপরাধ এখন নিত্য দিনের ঘটনা। অবিলম্বে এলাকায় পুলিশ টহল বাড়ানো ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।