কুমিল্লা-৯ আসন
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে পুরোদমে চলছে শেষ পর্যায়ের নির্বাচনী প্রচারণা। এ আসনে আওয়ামী লীগ দেখছে হ্যাট্রিক জয়ের স্বপ্ন আর বিএনপি আসন পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে এখানে নৌকার প্রচারণা রয়েছে তুঙ্গে এবং ধানের শীষ এগোচ্ছে ধীর গতিতে।
এই আসনে আওয়ামী লীগ থেকে টানা দুইবার ২০০৮ ও ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান এমপি মো. তাজুল ইসলাম নির্বাচিত হন। এবার তার জন্য রয়েছে হ্যাটট্রিক জয়ের সুযোগ। ১৯৯৬ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে এমপি নির্বাচিত হন। নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। এবার নির্বাচনী বৈতরণী পার হতে এলাকার উন্নয়ন, সাংগঠনিক শক্তি ও এমপি তাজুল ইসলামের ক্লিন ইমেজকে কাজে লাগাতে একাট্টা আওয়ামী লীগ। অপরদিকে ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত সাবেক এমপি ও ধানের শীষ প্রার্থী আনোয়ারুল আজিম আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছেন। ভোটের মাঠে প্রচারণায় খুব বেশি দেখা না গেলেও কৌশলে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম।