বেনাপোল (যশোর) সংবাদদাতা

বাংলাদেশী ১৫ জেলেকে বিজিবির হাতে হস্তান্তর করেছে বিএসএফ

ট্রলারসহ নিখোঁজ হওয়া বাংলাদেশের ১৫ জন জেলেকে ফেরত দিয়েছে ভারত। পটুয়াখালীর মহিতপুর এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ নিখোঁজ হয়েছিলেন তারা। দীর্ঘ ৫৪ দিন পর ভারত থেকে আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেছেন।

ভারতের বনগাঁ পেট্রাপোল সীমান্তের বিএসএফ সদস্যরা ১৫ বাংলাদেশী জেলেকে বেনাপোল আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা জেলেরা পটুয়াখালীর মহিতপুর এলাকার অধিবাসী। তবে নিখোঁজ হওয়া সামসুর জামানের কোনো  সন্ধান আজও মেলেনি। তিনি বেঁচে আছেন না কি মরে গেছেন বলতে পারেনি সহকর্মীরা সহ স্বজনেরা।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কাশেম আলী জানান, ১৯ সেপ্টেম্বর পটুয়াখালী মহিতপুর এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যান ঐ এলাকার রহমত উল্লাহ, কালা গাজি, আব্দুস সালাম, নিজাম ও সামসুর জামানসহ ১৬ জেলে। ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তারা। দীর্ঘ ১৯ ঘন্টা পর ভারতের গোবর্ধন থানা এলাকার সুন্দরবন পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তরের আবেদন জানানো হয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫৪ দিন পর আজ দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ কমান্ডার অশোক কুমার তাদেরকে যশোর ৪৯ বিজিবির হাতে হস্তান্তর করেন। পরে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ জিডি করে স্ব স্ব পরিবাবের কাছে হস্তান্তর করবে বলে জানান বন্দর থানার ওসি সৈয়দ আবু সালেহ মোঃ মাসুদ করিম। 

ফেরত আসা মাঝি মুনসুর আলীর ছেলে রহমত উল্লাহ জানান, তাদের নিখোঁজ হওয়ার করুন কাহিনী। ৫৪ দিন পর তাদের পেয়ে স্বজনদের মধ্যে আনন্দ ফিরে এসেছে।

ইত্তেফাক/নূহু