নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা ----- সায়মা ওয়াজেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও এশিয়া অঞ্চলে অটিজম বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, দেশের নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তরুণ-তরুণীরা। তারা নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। গতকাল বুধবার বিকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া ইশতেহার নিয়ে ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। আয়োজক সংগঠনের সিনিয়র অ্যানালিস্ট ও সমন্বয়ক ব্যারিস্টার শাহ আলী ফরহাদ অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

সায়মা ওয়াজেদ হোসেন আরো বলেন, ডিসঅ্যাবলদের নিয়ে নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী নিজ থেকেই ইশতেহারে ডিসঅ্যাবল, মেন্টাল হেলথ, অটিজম নিয়ে ভেবেছেন। এটি আমাদের জন্য বড় অর্জন। তিনি বলেন, তরুণদের সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন জায়গায় সম্পৃক্ততা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল বলেন, আওয়ামী লীগের ইশতেহার ভালভাবে পড়ে দেখেছি। এ ইশতেহার যদি আমার কোন ছাত্র লিখে আনত তবে তাকে এ প্লাস দিতাম। শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে শিক্ষায় সবচেয়ে বড় বরাদ্দ দেওয়া হবে। আমি আগ্রহভরে এ বরাদ্দের জন্য অপেক্ষা করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।