পরিবেশবান্ধব সড়ক

পরিবেশবান্ধব সড়ক বলতে কি শুধু প্রযুক্তিনির্ভর জ্যামমুক্ত সড়ককে বোঝায়? না, পরিষ্কার পরিচ্ছন্ন সড়কই পরিবেশবান্ধব সড়ক। যে সড়ক আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম, সেই সড়ককে আমরা অবাধে নোংরা ও অস্বাস্থ্যকর করে তুলছি। আজকাল রাস্তায় চিপসের প্যাকেট, প­াস্টিকের বোতল, পলিথিন বা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়—যা চলাচলে দুর্ঘটনা ঘটায়, পরিবেশকেও বিষিয়ে দিচ্ছে। এসব কিন্তু আমরাই করছি। অথচ ঘরে বসে বিভিন্ন সামাজিক মাধ্যমে যত্সামান্য লাইক, শেয়ার বা পরিচিতি পাওয়ার জন্য জোর গলায় নিরাপদ সড়ক নিয়ে দাবি জানাচ্ছি। এসব বন্ধ করে আমাদের উচিত নিজে নীতিবান ও যোগ্য নাগরিক হয়ে তারপর সামাজিক মাধ্যমে অন্যকে সচেতন করা, রাস্তাঘাট নোংরা না করে যথাস্থানে আবর্জনা ফেলে মানুষ হিসেবে নিজেকে সমৃদ্ধ ও নিজ দেশের সম্পদের যথাযথ রক্ষা করা, যা দেশপ্রেমের পরিচায়ক। ইসলাম ধর্মে বলা আছে,‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’। একটুখানি সচেতনতা পারে আমাদের চলার পথকে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলতে।

মোস্তারী হোসেন মেঘনা

অনার্স তৃতীয় বর্ষ, ইংরেজি বিভাগ,

সাভার সরকারি কলেজ, ঢাকা