গুজবে বিভ্রান্ত না হয়ে ৯৯৯ নম্বরে কল করে সত্যতা যাচাই করুন

পুলিশ সদর দফতরের আহবান

ইত্তেফাক রিপোর্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো মাধ্যমে প্রকাশিত কোনো বিষয় গুজব মনে হলে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর। গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এআইজি (মিডিয়া এন্ড পিআর) মোঃ সোহেল রানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগসহ অন্যান্য মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপতত্পরতায় লিপ্ত রয়েছে। তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, সংবাদ, পোস্টার, লিফলেট, বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ ও প্রচার করছে। এতে জনমনে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। গুজবকে কেন্দ্র করে স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও চেষ্টা করা হয়।

গুজবের বিভ্রান্তি হতে মুক্ত থাকতে ও সাধারণ মানুষকে গুজব সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে জাতীয় নির্বাচনকালীন নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। এ উদ্যোগের অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহায়তা নেওয়া যাবে।