করোনা ভাইরাসের কারণে ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাফুফের নির্বাচন স্থগিত করার প্রস্তুাব দিয়েছেন বাফুফের আরেক সহসভাপতি বাদল রায়। নির্বাচন স্থগিত করার বিষয়ে বাদল রায় গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনকে ফোন করে অনুরোধ করেন। বাদল রায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচনের প্রাক্কালে করোনা ভাইরাস আমাদের উদ্বিগ্ন করছে। পরিবার, সমাজ, দেশ, সবাইকে আঘাত করছে। আমি ফুটবল ফেডারেশনকে অনুরোধ করব, প্রয়োজনে একটা জরুরি সভা ডাকার আহ্বান জানাব নির্বাচনকে স্থগিত করা কিংবা এই বিষয়ে আলাপের জন্য।’ বাদল রায় ফোনে সালাহউদ্দিনকে জানিয়েছেন এই মুহূর্তে নির্বাচন করা ঠিক হবে কিনা? করোনা ভাইরাসের মধ্যে নির্বাচন করা ঠিক হবে কিনা। এ বিষয়ে জরুরি সভা ডাকা যায় কিনা সেটা নিয়ে কথা বলেন। বাদল রায় সভাপতির উদ্বৃতি দিয়ে বলেন, ‘তিনি (বাফুফে সভাপতি) অলরেডি এ বিষয়ে অফিসকে জানিয়েছেন। ফিফা-এএফসিকে অলরেডি এ বিষয়ে জানানো হয়েছে। ওদের জবাব পেলে সভা করবেন। আমার কথার সঙ্গে সভাপতি একমত। সভাপতি বলেছেন আমাদের তো ৩০ এপ্রিল ডেডলাইন দেওয়া আছে। আমরা তো পেছাতে পারব না। ফিফা-এএফসির ক্লিয়ারেন্স পেলে পেছানো হবে।’
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন তারা ফিফাকে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত ফিফা হতে কোনো জবাব আসেনি। আসলেও সেটা লুকিয়ে রাখার সুযোগ নেই। সবাইকে জানানো হবে।’
একমাত্র টোকিও অলিম্পিক গেমসটাই ঝুলে রয়েছে। ফুটবল দুনিয়ায় প্রায় সব খেলাই বন্ধ হয়ে গেছে। ফিফা এএফসির খেলাগুলো স্থগিত। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে গেছে। কোপা আমেরিকা কাপ ফুটবলও পিছিয়ে গেছে। তা ছাড়া আইওসি ফিফা উয়েফা, কনমেবল সব ফুটবল সংস্থাগুলো উদ্বগ্নি। সারা দুনিয়া যখন এমন করোনা ভাইরাস নিয়ে উত্কণ্ঠা তখন বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন তারা নির্ধারিত সময়েই নির্বাচন করবেন। সোহাগ বলেন, ‘আমরা চাই নির্বাচন হোক। নির্বাচন করব প্রস্তুতি নিচ্ছি। ৩০ এপ্রিলের পর বাফুফের বর্তমান কমিটি অবৈধ হয়ে যাবে। দেশের বর্তমান পরিস্থিতি ফিফাকে জানিয়ে রেখেছি। তারা এখনো কোনো জবাব দেয়নি।’
নির্বাচন হলে ফিফার ডেলিগেটস আসবে। কিন্তু এই পরিস্থিতিতে নির্বাচন হলে ডেলিগেটস আসবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। তবে বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন তারা এই বিষয়টি নিয়ে এএফসি, ফিফার সঙ্গে আগেই যোগাযোগ করেছিলেন। তিনি বলেন, ‘আমরা যখন যোগাযোগ করলাম তখন তারা জানতে চাইল কোনোভাবে কংগ্রেসটা অনলাইনে তারা যদি পর্যবেক্ষণ করতে চায়, সেই ব্যবস্থা থাকবে কিনা। আমরা তাদের নিশ্চিত করেছি আমাদের পুরো কংগ্রেসই অডিও ভিজ্যুয়াল এবং ডিজিটাল মাধ্যমে সেটা এমনভাবে প্রোডাকশনটা করব যাতে তারা যে কোনো জায়গা থেকে কংগ্রেসটা পর্যবেক্ষণ করতে পারবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। যাই হোক আমরা সব ধরনের প্রোটোকল মেনেই কংগ্রেস আয়োজন করতে যাচ্ছি।’