নবাবগঞ্জে উত্ত্যক্ত হওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

নবাবগঞ্জে বখাটে কর্তৃক উত্ত্যক্ত হওয়ায় আমেনা নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ সূত্রে জানা যায়। নিহত আমেনা নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের আফসার উদ্দিনের মেয়ে। সে দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্রী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খানেপুর গ্রামের আব্দুল জলিলের বখাটে ছেলে সাগর দীর্ঘদিন ধরে আমেনাকে উত্ত্যক্ত করে আসছিল। সাগর গত পাঁচ দিন আগে আমেনার স্বজনদের কাছে জানায় আমেনার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। আমেনা লোকমুখে এ কথা শুনে লজ্জা, ক্ষোভ ও দুঃখ নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। নবাবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম তালুকদার ও এসআই মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমেনার লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমেনার মা বাদী হয়ে থানায় সাগর ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ আমেনার মৃত্যুর বিষয়ে তদন্ত করছেন।