করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন স্থানে মাস্ক ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
রাজশাহী : রাজশাহী জেলা পুলিশের আয়োজনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল মতিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সুনামগঞ্জ :সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে প্রায় ২০০ ব্যক্তিকে মাস্ক বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতি ও সৃষ্টি নাট্য থিয়েটারের যৌথ উদ্যোগে পৌর শহরের রিকশা, অটোরিকশা, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে বিনামূল্যে এ মাস্ক দেওয়া হয়। মাস্ক বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও সৃষ্টি নাট্য থিয়েটারের প্রধান উপদেষ্টা মো. রুহুল আমিন।
রংপুর : বেগম রোকেয়া ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব ও রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ল্যাবে তৈরি হ্যান্ড ওয়াস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রসায়ন বিভাগের শিক্ষকের মধ্যে ও সায়েন্স ক্লাবের সদস্যের মধ্যে এসব বিতরণ করেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সুরুজ আহম্মেদ।
দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুরে গণমানুষের মধ্যে লিফলেট ও মাক্স বিতরণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আখির। বৃহস্পতিবার তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রেসক্লাব মোড়সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট ও মাক্স বিতরণ করেন।