করোনা ভাইরাস

গণসমাগম ও পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে গণসমাগম ও পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) : সুন্দরবনে সব ধরনের পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় সতর্কতার জন্য সুন্দরবনের পর্যটন এলাকা কটকা, কচিখালী, হিরণপয়েন্ট, হারবাড়িয়া, করমজলসহ বনের অন্যান্য পর্যটন এলাকায় দর্শাণার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী সিরাজ লেক, শিমুল বাগান ও বারিক্কার টিলায় ভ্রমণ নিষিদ্ধ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার করোনা প্রতিরোধসংক্রান্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ এই ঘোষণা দেন।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৯ বছরের ঐতিহ্যবাহী মহাবরুনীর মেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি ও করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ পর্যালোচনা সভায় মেলা স্থগিতের ঘোষণা দেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান, ঠাকুর পরিবারের সদস্য ও মেলা প্রস্তুতি কমিটির সভাপতি সুব্রত ঠাকুর হিল্টু।

খুলনা : সুন্দরবনের সব পর্যটন এলাকা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সুন্দরবন বন বিভাগের বনসংরক্ষক (সিএফ) মেঈনুদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সব ইকোট্যুরিজম স্পটে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাঙ্গামাটি : পর্যটন জনশূন্য হয়ে পড়েছে রাঙ্গামাটি। আর রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটিতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা ও সব ধরনের পর্যটন স্পট বন্ধ ঘোষণা করায় পর্যটন স্পটগুলো জনশূন্য হয়ে পড়েছে।

নাটোর : উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ৩১ মার্চ পর্যন্ত বন্ধের এই নির্দেশনা জারি করে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সতর্কতার অংশ হিসেবে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি আগামী ৩১ মার্চ পর্যন্ত সাময়িক বন্ধ রাখা হয়েছে।

মাগুরা : মাগুরায় সব রকম সভা-সমাবেশ, জমায়েত, সেমিনার, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এ ব্যাপারে শহরে মাইকিং করা হচ্ছে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ির ৯টি উপজেলাসহ সীমান্তবর্তী বাঘাইছড়ির মেঘকন্যা সাজেকের সব পর্যটন স্পটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  দেশি-বিদেশি সব শ্রেণির পর্যটক ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।