সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দেশের বিভিন্ন স্থানে ৪৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর হোম কোয়ারেন্টাইন না মানায় খানসামায় দুবাইফেরত এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
লালমনিরহাট প্রতিনিধি শহরের নর্থ বেঙ্গল মোড় বছিরটারী এলাকার নজরুল ইসলাম নামে এক জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (এলডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুর ইসলাম সোহাগের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ব্রনাই থেকে আসা খলিল হাওলাদার (৫৫) নামে এক জনকে এবং তাকে হোম কোয়ারেন্টাইনে না রাখায় তার স্ত্রী মনোয়ারা বেগমকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম এ দণ্ড দেন।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা উপজেলায় গত দুই দিনে দুই প্রবাসফেরত ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাহরাইনফেরত রাসেল মিয়াকে ১০ হাজার ও আগের দিন সন্ধ্যায় ইতালিফেরত নোমান খন্দকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনার ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা উপজেলায় এক মালয়েশিয়া প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন।
রামু (কক্সবাজার) সংবাদদাতা সৌদি আরব, দুবাই এবং ওমানফেরত তিন ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা এ দণ্ড দেন। হাজারীকুল গ্রামের ওমানফেরত যুবকের পরিবারকে ১০ হাজার, ফুলনীরচর এলাকায় সৌদিফেরত যুবককে ২০ হাজার এবং বাইপাস এলাকার দুবাইফেরত এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা রনজু ইসলাম নামে এক প্রবাসফেরত যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারীর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা উপজেলার রুপসদী গ্রামের ওমানফেরত মনির হোসেনকে (২৮) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারের ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড প্রদান করেন।
বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা সিঙ্গাপুরফেরত এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ আদালত পরিচালনা করেন।
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা ইতালি থেকে আসা মো. আবদুল আজিজ এবং যুক্তরাষ্ট্র থেকে আসা দাউদ হোসেনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি বুধবার রাতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ শহরের আরাপপুরে আসলাম হোসেন নামে এক সিঙ্গাপুর প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
মদন (নেত্রকোনা) সংবাদদাতা হোম কোয়ারেন্টাইনে না থেকে বিয়ের প্রস্তুতি নেওয়ায়, বৃহস্পতিবার মালয়েশিয়াফেরত এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
মানিকগঞ্জ প্রতিনিধি শিবালয়ে ইরাকফেরত এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতে বিচারক এ এফ এম ফিরোজ মাহমুদ। এছাড়া পৌর এলাকার দক্ষিণ-আফ্রিকাফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ দণ্ড দেন।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা দুই প্রবাসীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই জরিমানা করেন।
সাতক্ষীরা প্রতিনিধি শহরের কামালনগরের মালদ্বীপ প্রবাসী কামরুজ্জামান নামের এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেনের ভ্রাম্যমাণ আদালত।
ভোলা প্রতিনিধি শর্ত ভেঙে বাইরে ঘুরাফেরা করায় তিন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ভোলা সদরের এক ইতালি প্রবাসীকে ৫ হাজার টাকা, চরফ্যাশনের দুই প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পাবনায় ১, মুন্সীগঞ্জে ৫, ঝালকাঠিতে ৩, চুয়াডাঙ্গায় ১, ব্রাহ্মণবাড়িয়া ১, বান্দারবানের লামায় ১, বাগেরহাটের চিতলমারীতে ১, বরগুনার বামনায় ১, জামালপুরের মেলান্দহে ৩, চট্টগ্রামের মিরসরাইয়ে ১, লহ্ম্মীপুরের রামগতিতে ১ ও ভোলার চরফ্যাশনে ২ জনকে জরিমানা করা হয়।