ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বৃহস্পতিবার সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানকালে বলেছেন, দেশে ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি যাতে অনেক বেশি বিস্তার ঘটাতে না পারে সেজন্য সবাই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘যে কোনো দুর্যোগ মানুষের ক্ষতি করে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সামান্য এই সাহায্য হয়তো তাদের আগামীতে পথচলায় সহায়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সকলে সহায়তা করলে করোনা মোকাবিলাসহ যে কোনো দুর্যোগ থেকেই নিজেদের রক্ষা করতে পারব।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৮ ব্যবসায়ীর প্রতিজনকে এমপি নিক্সন চৌধুরী নগদ ২৪ হাজার টাকা ও ১ বান্ডিল ঢেউটিন তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাঈদুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস বসু, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল দাস প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুজারপুর ইউনিয়নের উচাবাজারে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।