শিবচরে কোচিং সেন্টার চালু রাখায় দুই শিক্ষক আটক

করোনা ভাইরাস ঝুঁকিতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় শিবচরে দুই শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় কম্পিউটার কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে কোচিং সেন্টারের মালিক মো. রবিউল ইসলামকে আটক করা হয়। এর আগে একই উপজেলার সূর্যনগর এলাকায় কোচিং সেন্টারে শিক্ষার্থীদের ক্লাস করানোর সময় মালিক শিক্ষক মো. পলাশকে আটক করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুরে দুই শিক্ষককে জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কোচিং চালু রাখার দায়ে বৃহস্পতিবার দৌলতপুরে দুই শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার জানান, দৌলতপুর থানা বাজারে বেশি দামে চাল বিক্রির দায়ে মেসার্স খান এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা এবং আল্লারদর্গা বাজারের হযরত আলী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কোচিং করানোর অভিযোগে উপজেলার ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলিমুল হাসান ও মুসফিকুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাটোরে দুই কোচিং

সেন্টারকে জরিমানা

নাটোর প্রতিনিধি জানান, করোনা ভাইরাসের ঝুঁকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে নাটোরে দুই কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে শহরের বলারিপাড়ায় অভিযান চালিয়ে দুই কোচিং সেন্টারের পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, বলারিপাড়ায় কোচিং সেন্টারগুলোতে অভিযানে বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পরিচালক নজিবুল ইসলাম এবং শামীম কোচিংয়ের পরিচালক শামীমুল রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরো তিন জন শিক্ষককে আটক করে কোচিং করাবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে।