রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটি শহরের কলেজ গেট এলাকায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস, সেনা বাহিনীর লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাঙ্গামাটি ও কাউখালী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, আমাদের খবর দেওয়ার ৪ মিনিটের মধ্যে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে কাউখালী ফায়ার স্টেশনকে খবর দেই। তারাও এসে আমাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।