‘সিইসির মুখের কথা আর বাস্তবতা ভিন্ন’

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ নেতারা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মুখের কথা আর মাঠের বাস্তবতা ভিন্ন। মাঠে সেনাবাহিনী থাকলেও বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থীদের প্রচার কার্যক্রমে এখনও আওয়ামী সন্ত্রাসীরা হামলা করছে, বাধা দিচ্ছে। গতকাল বুধবার ঢাকা-৭ আসনে ‘মই’ মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপনের সমর্থনে নির্বাচনী গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভায় তারা একথা বলেন।

লিপনের পক্ষে চানখাঁরপুলে গণসংযোগকালে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোট নেতা বজলুর রশীদ ফিরোজ বলেন, আজও (বুধবার) স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা ঢাকা-১৭ আসনে ‘মই’ মার্কার প্রার্থী আহসান হাবিব বুলবুলের প্রচার-মাইকে বাধা দিয়েছে। ভোট দিতে পারা নিয়ে মানুষের সংশয় দূর হয়নি। দ্বি-দলীয় নীতিহীন রাজনীতি ৪৮ বছরেও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। মুক্তিযুদ্ধের স্বপ্ন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সংবিধানের চার মূলনীতি বাস্তবায়নে বাম জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, প্রার্থী খালেকুজ্জামান লিপন, ছাত্রফ্রন্ট সভাপতি ইমরান হাবিব রুমন, মাস্টার নূর-এ আলম, রুখসানা আফরোজ আশা, নবীনা আখতার, মিথিলা, মৌ, বাবু মিয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এদিকে, গতকাল ঢাকা-৮ আসনে বাসদ মনোনীত বাম গণতান্ত্রিক জোট প্রার্থী প্রকৌশলী শম্পা বসুর ‘মই’ মার্কার সমর্থনে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এসময় প্রার্থী শম্পা বসুর সাথে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আব্দুর রাজ্জাক, বাসদ ঢাকা নগরীর সদস্য সচিব জুলফিকার আলী।