হত্যা মামলার আসামিকে ছেড়ে দিল পুলিশ!

বরিশালের গৌরনদীতে জুয়ার আসর থেকে ২ জুয়াড়িকে আটক করেছিল গৌরনদী থানা পুলিশ। তাদের মধ্যে বেল্লাল ফকির নামে একজন ছিল ঐ থানার কবির ফকির হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অথচ হত্যা মামলার বিষয়টি গোপন রেখে জুয়ার আসর থেকে আটক ঐ আসামিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় এবং সামান্য জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার সাংবাদিকদের বলেন, বেল্লালকে ছেড়ে দেওয়ার সময় তার বিরুদ্ধে থানায় কোনো ওয়ারেন্ট ছিল না।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত ১৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে স্থানীয় আঃ খালেক ফকিরের ছেলে বেল্লাল ফকির (৩০) ও আলাউদ্দিন বেপারীর ছেলে মাসুদ বেপারীকে (২৫) আটক করে থানা পুলিশ। এদের মধ্যে বেল্লাল ঐ এলাকায় সংঘটিত কবির ফকির হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্টও রয়েছে। বিষয়টি ঐ রাতেই স্থানীয় সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান থানা পুলিশকে অবহিত করেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালে ২৮ নভেম্বর কবির ফকিরকে কুপিয়ে জখম করা হয় এবং ৩ ডিসেম্বর তিনি হাসপাতালে মারা যান। ঐ হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি বেল্লাল ফকির।