ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সাবেক কমিটির নেতৃবৃন্দ।
গতকাল বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি আবুল খায়েরের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি আবুল সালেহ আকন। পাশাপাশি নবনির্বাচিত সাধারণ সম্পাদক দীপু সারোয়ারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সাধারণ সম্পাদক সরওয়ার আলম। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ করে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যরা একটি পরিবারের মতো। সবাই একসঙ্গে থাকলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। বিদায়ী নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতে তাদের সহযোগিতা যেন আগের মতোই অব্যাহত থাকে। সবাইকে সঙ্গে নিয়ে ক্রাইম রিপোর্টারদের স্বার্থ সংরক্ষণে ক্র্যাবকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। সাধারণ সম্পাদক দীপু সরোয়ারও সাবেক নেতাদের সহযোগিতা প্রত্যাশা করেন।