চট্টগ্রাম সিটিসহ পাঁচ উপনির্বাচন স্থগিতের দাবি বিএনপির

দেশে করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ পাঁচ উপনির্বাচন আপাতত স্থগিতের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশের আদালতসমূহ ‘যতদিন প্রয়োজন’ বন্ধের দাবি জানিয়েছে দলটি।

করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এসব দাবি জানান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ‘করোনা ভাইরাসের আতঙ্কের কারণে জনগণের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে নির্বাচন বন্ধ করার কথা এসেছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন বলেছে যে, ২১ মার্চ যে নির্বাচনগুলো আছে তা হবেই এবং ২৯ মার্চের নির্বাচনের ব্যাপারে ২১ মার্চ সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এটাকে একেবারেই একপেশে সিদ্ধান্ত মনে করি এবং জনগণের এই দুর্যোগের সময়ে কমিশন অমানবিক আচরণ করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি, কমিশন তাদের সিদ্ধান্তকে প্রত্যাহার করে জনগণের স্বার্থে, মানুষের বেঁচে থাকার স্বার্থে এই নির্বাচনগুলোকে আপাতত স্থগিত রাখবেন। পরবর্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে।’

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন ২১ আগস্ট এবং চট্টগ্রামসহ বগুড়া ও যশোরের উপনির্বাচন ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আদালতগুলোতে প্রতি দিন অসংখ্য মানুষ উপস্থিত হন। আমি খবর পেয়েছি, ৩০ জন বিচারক ইতিমধ্যে কোয়ারেন্টাইনে চলে গেছেন। এক্ষেত্রে এটা পরিষ্কার যে, আদালতগুলোতে এ ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে। তাই আমাদের আহ্বান থাকবে, আদালতের কার্যক্রম যতদিন প্রয়োজন স্থগিত রাখা হোক। আমরা আশা করব, সুপ্রিম কোর্টের বিচারকরা দেশের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেবেন।’ তিনি বলেন, প্রথম থেকেই সরকার এই করোনা ভাইরাসের বিষয়ে গুরুত্ব দেয়নি। সময় মতো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বলেছেন, প্রয়োজন হলে সব শাটডাউন করা হবে, যা যা দরকার সব বন্ধ করা হবে। এখন শাটডাউন না করলে যেভাবে করোনার ব্যাপক বিস্তৃতি ঘটছে, অচিরেই তা ভয়াবহ মহামারি আকার ধারণ করবে। করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।