ভারতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে ‘জনতা কারফিউ’ জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কারফিউ জারির ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারি মোকাবিলায় ভারত কতটা প্রস্তুত তা পরীক্ষার জন্য ২২ মার্চ রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কারফিউ জারি করা হবে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, এ সময় কেউ বাড়ি থেকে বের হবেন না। ঐদিন সকালে সাইরেন বাজিয়ে কারফিউর সূচনা করতে হবে রাজ্যগুলোকে।
মোদি আরো বলেন, ‘আপনারা যদি ভাবেন আপনি করোনা আক্রান্ত হবেন না, সব জায়গায় ঘুরে বেড়াবেন, তাহলে তা ঠিক না। আপনি নিজে বিপদ ডেকে আনছেন। এই কয়টা দিন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। ঘরে বসে প্রয়াজনীয় কাজ করুন। ভীড় এড়িয়ে চলুন। অফিসের কাজ বাড়িতেই করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়াবহ পরিস্থিতি চলছে। মানবসভ্যতা চরম সংকটে পড়েছে। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এখন সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’
৬০-৬৫ বছর বয়সীদেরও ঘর থেকে না বেরোনোর আবেদন জানিয়েছেন মোদি। ভারতবাসীকে আরো যেসব বার্তা দিয়েছেন মোদী সেগুলোর মধ্যে আছে, অন্যের সেবা যারা করছেন তাদের জন্য রবিবার বিকাল ৫ টায় ৫ মিনিট হাততালি, থালা, ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। রুটিন চেকআপের জন্য হাসপাতালে যেতেও তিনি মানা করেছেন। অর্থনীতিতে করোনাভাইরাসের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে জানিয়ে তিনি বলেছেন, পরিস্থিতি সামলাতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কোভিড-১৯ ইকনোমিক টাস্ক ফোর্স তৈরি হচ্ছে। জনগণ যেন হুজুগে পড়ে আতঙ্কে কেনাকাটা না করেন সে ব্যাপারে সতর্ক করে মোদী বলেছেন, বাজারে যথেষ্ট যোগান আছে।