ভারতের আলোচিত প্যারামেডিক শিক্ষার্থী নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আর এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্ভয়ার মা আশা দেবী।
শুক্রবার ভারতীয় স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার সময় দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয় নির্ভয়া কাণ্ডের ৪ আসামি অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও মুকেশ সিংকে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সাংবাদিকদের নির্ভয়ার মা বলেন, আমরা ভারতের মেয়েদের সুবিচার পাওয়ার জন্যে আমাদের লড়াই চালিয়ে যাবো। তবে ন্যায়বিচার পাওয়ার জন্যে আমাদের এই দীর্ঘদিনের অপেক্ষা খুব কষ্টের ছিল। একসময় এই অপেক্ষা মানসিক যন্ত্রণা হয়ে উঠেছিল আমাদের কাছে। তবে শেষ পর্যন্ত আমরা ন্যায়বিচার পেয়েছি।
জানা গেছে, ফাঁসি কার্যকর হওয়ার পর আশা দেবী জড়িয়ে ধরেছিলেন নির্ভয়া নামে পরিচিত তার মেয়ের ছবিকে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির এক চলন্ত বাসে ২৩ বছর বয়সী এক প্যারা মেডিকেল ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করে রাজপথে ছুঁড়ে ফেলে দেয় মোট ৬ দুষ্কৃতি। ওই ঘটনায় অভিযুক্ত ৬ জনের মধ্যে একজন নাবালক বলে সংশোধনাগার থেকে ৩ বছর পরে ছাড়া পেয়ে যায় । আরেক অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে। বাকি ৪ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত।
ইত্তেফাক/এআর