তাহিরপুরে ওরশ ও পুণ্যস্নান বন্ধ ঘোষণা

তাহিরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ২১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত হযরত শাহ আরেফিন (রহঃ) ওরশ উদযাপন ও হিন্দু ধর্মাবলম্বীদের মহাপুরুষ শ্রী অদ্বৈত জন্মধামে পূজা অর্চনাসহ পুণ্যস্নান বন্ধ ঘোষণা করা হয়েছে।

দুই ধর্মের উৎসব কমিটির প্রতিনিধি, জন প্রতিনিধিসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা বৈঠক করে উৎসব দুটি বন্ধের সিদ্ধান্ত নেন। শুক্রবার সকাল থেকেই ওরস কমিটির পক্ষ থেকে এলাকায় মাইকিং করে লোক সমাগম বন্ধ, হোটেল রেস্তোরা স্থাপন ও সকল প্রকার গানবাজনা কাফেলা নির্মাণ বন্ধ ঘোষণা করা হয়। ওরশ স্থলে ২০ মিনিটি পর পর লোক সমাগম এড়াতে  মাইক যোগে অনুরোধ করা হচ্ছে।

অপর দিকে তাহিরপুর উপজেলার টাঙগুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, জয়নাল আবেদীন শিমুল বাগান, বারেকটিলাসহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন তাহিরপুর উপজেলা প্রশাসন। যারা বর্তমানে এসব স্পটে ভ্রমণে আছেন তাদেরও দ্রুত ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: কাল বাগেরহাট-৪ আসনে ভোট, পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি বলেন, স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে উপজেলার পর্যটন স্পটগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। পর্যটকের পাশাপাশি এলাকার ২৫ জনের বেশি একত্রে জমায়েত না হওয়ার জন্যও বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বড় ধরণের লোক সমাগমের জমায়েতের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করছি। পাশাপাশি সবাই যাতে নিজ থেকে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলেন সে জন্য সবাইকে অনুরোধ জানান তিনি। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসি