অ্যান্ড্রয়েডে অ্যাপস থাকুক পরিচ্ছন্ন

স্মার্টফোনের এই যুগে এসে এখন অনেকের হাতেই পৌঁছে গেছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। আর এসব স্মার্টফোনের সবচাইতে আকর্ষণীয় ফিচার হলো নানা ধরনের অ্যাপস ব্যবহারের সুযোগ। গুগল প্লেস্টোরে নানা ধরনের বৈচিত্র্যময় কাজের জন্য থাকা লক্ষাধিক অ্যাপসের অনেকগুলোই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেদের ফোনে ইনস্টল করে থাকেন। এসব অ্যাপস ব্যবহারে ঝক্কিও রয়েছে। অনেক অ্যাপসই ফোনের গতিকে ধীর করে দিতে পারে। আবার কিছু কিছু অ্যাপস অ্যান্ড্রয়েডের অন্য আরও সার্ভিসের তথ্য সংগ্রহ করে থাকে। অ্যাপসগুলো নিজে থেকে আপডেট হয়ে থাকে বলে ডাটা খরচ নিয়ন্ত্রণ করতেও ঝামেলা হয়। এতসব ঝামেলা এড়ানোর সুযোগ অবশ্য রয়েছে। কিছু নির্দেশনা অনুসরণ করতে পারলে অ্যাপসগুলো আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে নয়, বরং আপনি নিজেই অ্যাপসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এমন কয়েকটি টিপস এই লেখায় তুলে ধরেছেন সানজিদা সুলতানা

মেমোরি দখলের অ্যাপস

এমন অনেক অ্যাপসই রয়েছে যেগুলো চালু রাখতে গেলে ফোনের প্রচুর মেমোরি খরচ হয়। এগুলোর কারণে ফোনের গতিও ধীর হয়ে যায়। যাদের ফোনে মেমোরি একটু কম থাকে, তারা এসব অ্যাপস থেকে যথাসম্ভব দূরে থাকবেন। কিন্তু কোন অ্যাপস কতটুকু মেমোরি খরচ করছে তা কীভাবে জানবেন? এটি এমন কঠিন কোনো কাজ নয়। আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংস থেকে অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট অপশনে গেলেই ফোনে থাকা অ্যাপসগুলোর তালিকা আসবে। এখান থেকে রানিং বা চলমান অ্যাপসগুলোর তালিকাও পাবেন। কোন অ্যাপ কতটুকু মেমোরি খরচ করছে, তার হিসাব এখানেই পাবেন। এখানে কোনো অ্যাপসের মেমোরি খরচ অতিরিক্ত দেখতে পেলে তাতে ট্যাপ করে Stop বা বন্ধ করে দিন। এটি খুব বেশি প্রয়োজনীয় অ্যাপ না হলে আনইনস্টল করে দিতে পারেন। আর এটি চালাতে হলে ওইসময় অন্য অ্যাপ না চালানোই ভালো।

অ্যাপ ডাটা মনিটর

কেবল মেমোরিই নয়, অনেক অ্যাপই অ্যাপ ডাটা হিসেবে স্টোরেজও খেয়ে নেয়। অ্যান্ড্রয়েডে একটু বেশি পরিমাণে অ্যাপ ইনস্টল করা থাকলে এমন অ্যাপ ডাটা সম্মিলিতভাবে ফোনের স্টোরেজের বড় অংশও খেয়ে নিতে পারে। বিশেষ করে গেম খেললে প্রচুর অ্যাপ ডাটা জমা হয়।  অ্যান্ড্রয়েডের সেটিংস থেকে স্টোরেজ হয়ে অ্যাপসে গেলে অ্যাপসের তালিকা আসবে এবং সেখান থেকে জানতে পারবেন কোন অ্যাপ কতটুকু ডাটা দখল করে রেখেছে। এরপর Clear Cache ট্যাপ করে দূর করতে পারবেন ক্যাশ ডাটা এবং Clear Data অপশনে ট্যাপ করে অ্যাপের সব তথ্য মুছে ফেলতে পারবেন।

 

অটো-আপডেট নিয়ন্ত্রণ

ডিফল্ট হিসেবে সব অ্যান্ড্রয়েডেই অটো-আপডেট চালু করা থাকে এবং এর ফলে অ্যান্ড্রয়েডে ইনস্টল করা প্রতিটি অ্যাপ নিয়মিত তাদের আপডেট চেক করে থাকে। নতুন আপডেট পেলে তা স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড ও ইনস্টল হয়ে যায়। এই বিষয়টিও আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড্রয়েডের সেটিংস থেকে অটো-আপডেট অ্যাপস অপশনে গেলে অটো-আপডেট নিয়ন্ত্রণের তিনটি অপশন পাওয়া যাবে। এগুলো হলো—Don’t auto-update apps, auto-update apps over Wi-Fi only এবং auto-update apps at any time। মোবাইল ডাটা ব্যবহার করলে এবং ওয়াই-ফাই ব্যবহার করার সুযোগ না থাকলে প্রথম অপশনটি ব্যবহার করাই ভালো। আর ওয়াই-ফাই নেওটয়ার্ক নিয়মিত ব্যবহার করলে দ্বিতীয় অপশনটিই সর্বোত্তম।

হোমস্ক্রিনে শর্টকাট

অ্যান্ড্রয়েডে প্রতিটি অ্যাপ ইনস্টল করার সাথে সাথেই অনেকটা উইন্ডোজ ডেস্কটপের মতো এর একটি শর্টকাট যুক্ত হয়ে যায় হোমস্ক্রিনেও। ফলে নতুন নতুন অ্যাপস ইনস্টল করতে থাকলে অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিনটি ঘিঞ্জি হয়ে পড়ে। তবে আপনি চাইলে স্বয়ংক্রিয়ভাবে এই হোমস্ক্রিন শর্টকাট যুক্ত হয়ে যাওয়া রোধও করতে পারেন। এর জন্য গুগল প্লেস্টোর অ্যাপে গিয়ে এর মেন্যু বাটনে ট্যাপ করুন। এখান থেকে সেটিংসে গেলে ‘Add icon to Home screen’ লেখা একটি অপশন পাবেন। এর চেকবক্সটি আনচেক করে দিলেই কাজ শেষ। অ্যাপ ইনস্টল হওয়ার সময় আর স্বয়ংক্রিয়ভাবে তার শর্টকাট হোমস্ক্রিনে যুক্ত হবে না।