বিভিন্ন স্থানে ৯৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

করোনা আতঙ্কে অস্থির বাজার

ইত্তেফাক ডেস্ক

করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে চালসহ বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। এরই মধ্যে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দেশের বিভিন্নস্থানে ৯৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। 

সুনামগঞ্জ :পেঁয়াজ মজুত ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জেলার দুই উপজেলায় ৯ দোকানে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ :অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে শুক্রবার শহরের বড়োবাজারের দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের সিনিয়র এডি চন্দন দেবনাথ, কিশোরগঞ্জ সদরের ইউএনও মো. আ. কাদির মিয়া উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া :শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এসব জরিমানা করেন।

গোপালগঞ্জ :ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান রাসেদ শুক্রবার জেলা শহরের বড়ো বাজারে তিন ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন।

ঈশ্বরদী (পাবনা) :পেঁয়াজ, রসুন দ্বিগুণ দামে বিক্রি করায় শুক্রবার আট প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল।

লোহাগাড়া (চট্টগ্রাম) :অতিরিক্ত দামে চাল বিক্রি করায় বৃহস্পতিবার বিকাল ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :আড়াইহাজার সদর বাজারে চালের দাম বৃদ্ধি করে বিক্রির দায়ে বৃহস্পতিবার তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের ভ্রাম্যমাণ আদালত।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) :বৃহস্পতিবার পেঁয়াজসহ বেশ কিছু পণ্য বেশি দামে বিক্রির করার দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার  ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাতের ভ্রাম্যমাণ আদালত।

বাকেরগঞ্জ (বরিশাল) :ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো. তরিকুল ইসলাম উজ্জল জানান, শুক্রবার দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ দিনের জেল ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গোপালপুর (টাঙ্গাইল) :দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে গোপালপুর বাজারে জরিমানা আদায় করা হয়।

হোমনা (কুমিল্লা) :ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূঁইয়া বলেন, বেশি দামে বিক্রি করায় তিন জনকে জরিমানা করা হয়েছে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) :শুক্রবার ছয় দোকানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি আফরিদার এ জরিমানা করেন।

সদরপুর (ফরিদপুর) :মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না রাখার দুই চাল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এ জরিমানা করেন।

শরণখোলা (বাগেরহাট) : চাল ও পেঁয়াজের মূল্যবৃদ্ধির অপরাধে শুক্রবার তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বোরহানউদ্দিন (ভোলা) :শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী চার দোকানিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালকিনি (মাদারীপুর) :নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করায় বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও এক দোকান সিলগালা করে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়া (মৌলভীবাজার) : বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করায় চার মুদি দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধূরী।

 মেহন্দিগঞ্জ (বরিশাল) :বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় শুক্রবার চার ব্যবসায়ীকে জেল ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

কচুয়া (চাঁদপুর) :অতিরিক্ত মূল্যে চাল বিক্রি ও মূল্য তালিকা না রাখার শুক্রবার চার ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করেছে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর ভ্রাম্যমাণ আদালত।

কাউখালী (পিরোজপুর) :গত দুদিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষিতে শুক্রবার ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। 

পলাশ (নরসিংদী) : দ্বিগুণ দামে পেঁয়াজ ও চাল বিক্রি করায় শুক্রবার দুপুরে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

টেকেরহাট (মাদারীপুর) :একঘণ্টার ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোনা নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার সাত দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন ।