ইত্তেফাক ডেস্ক
করোনা আতঙ্কে দেশের বিভিন্ন স্থানে কয়েক হাজার প্রবাসীকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
রংপুর : রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রংপুরে ১৫৭, পঞ্চগড়ে ৮, নীলফামারীতে ৪০, লালমনিরহাটে ৩৫, কুড়িগ্রামে ৬৭, ঠাকুরগাঁওয়ে ১০, দিনাজপুরে ৩৬ ও গাইবান্ধায় ২০ জন।
বাগেরহাট : বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাটে ফিরে আসা ৩ হাজার ৩০০ জনের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত মাত্র ৫১০ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে। এসব প্রবাসীর মধ্যে শহরের এক তরুণীকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এর মধ্যে শরণখোলা উপজেলা হাসপাতালে আইসোলেশন সেন্টারে থাকা একজনসহ সর্বমোট চার জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বরিশাল: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ৭৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য জানিয়েছেন।
ভোলা (দক্ষিণ) : ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, কাগজপত্রে গত দুই সপ্তাহে ভোলার ১ হাজার ৪৩০ জন বাসিন্দা দেশে ফিরেছেন। এর মধ্যে জেলায় এখন পর্যন্ত ১৭৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, হোম কোয়ারেন্টাইনে রাখা সব ব্যক্তিই বিদেশফেরত।
খুলনা : খুলনা মহানগরীসহ জেলায় শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৮ জন। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে ও হোম কোয়ারেন্টাইনের নিয়মাবলি মেনে চলতে হবে। এছাড়া করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলেই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রবাসী আরো ৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১৬৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া জেলার শ্যামনগর উপজেলার দাতনিখালী গ্রামের এস এম সুলতান মাহমুদ সুজনকে সদর হাসপাতাল আইসোলেশনে নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৪৬ জন প্রবাসীকে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট ২৯১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়াও নির্ধারিত সময়সীমা শেষে সাত জনকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মাগুরা : শুক্রবার পর্যন্ত মাগুরায় ১৩৭ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাগুরার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, ইতালি, বাহরাইন, সিঙ্গাপুর, তুরস্ক, সৌদী আরবসহ বিভিন্ন দেশ থেকে আসা ১৩৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নড়াইল : নড়াইলে ১০৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনার বিস্তার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় জেলা প্রশাসক আনজুমান আরা এ তথ্য জানান। সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা।
ঝিনাইদহ : ঝিনাইদহে শুক্রবার বিদেশ থেকে আসা ২৬ জনসহ তাদের পরিবারের ৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ঝিনাইদহ এ পর্যন্ত ৪২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
নওগাঁ : নওগাঁয় বিভিন্ন দেশ থেকে আসা ১৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. এস এম আখতারুজ্জামান। তিনি জানান, তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ছিল ১৬১ জন ও শুক্রবার নতুন করে ৪৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোয় জেলায় ২০৮ জনে দাঁড়ায়।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় মাত্র আটজন প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাণীনগর (নওগাঁ) : রাণীনগর উপজেলায় নতুন করে আরো পাঁচ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে উপজেলায় মোট সাত জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে উপজেলায় নতুন করে ছয় শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।
কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়ায় শুক্রবার আরো ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা প্রবাসীর সংখ্যা মোট ৫২ জন হলো।
পাটগ্রাম (লালমনিরহাট) : পাটগ্রামে ভারত থেকে আসা আরো তিন জন কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে একজন প্রাতিষ্ঠানিকভাবে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কোয়ারেন্টাইন বেডে ও অপর দুই জন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুপ পাল এ তথ্য জানিয়েছেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে ৬৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে বিশেষ নজরদারিতে রাখছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের স্বাস্থ্য বিভাগ ও ফুলবাড়ী থানা পুলিশ সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন।