নবীনগরে বর্জ্যে ভরাট হচ্ছে তিতাস ও বুড়ি নদীর তীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্যে দূষিত হচ্ছে তিতাস ও বুড়ি নদী। এতে একদিকে যেমন ভরাট হচ্ছে নদীর পাড়, অন্যদিকে ময়লার তীব্র দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। দূষণসহ হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। আর ময়লা-আবর্জনায় আগুন লাগানোর কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে নদীর তীরসংলগ্ন সদর রোডসহ আশপাশের এলাকা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।

সরেজমিনে দেখা গেছে, নবীনগর পৌরসভাস্থ তিতাস ও বুড়ি নদীর তীরের একাধিক স্থানে নবীনগর বাজারের বর্জ্য ও পৌরসভাস্থ বাসাবাড়ির বর্জ্যে ভরাট হচ্ছে নদীর তীর। বিশেষ করে মাঝিকাড়া ব্রীজ, মনুবাবুর ঘাট, মাঝিকাড়া নৌকাঘাট, বড় মঠের ঘাট, থানা ঘাট, ফলবাজার ঘাট, লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট, হাসান শাহ মাজার ঘাটসহ একাধিক স্থানে বর্জ্যের স্তূপ জমে উঠেছে।

মঠের ঘাটসংলগ্ন ব্যবসায়ী মাইনুউদ্দিন জানান, বাজারের বেশির ভাগ ময়লা-আবর্জনা এনে নদীর তীরে ফেলার কারণে বন্ধ হয়ে যাচ্ছে পয়ঃনিষ্কাশন নালাগুলো, এতে করে ড্রেনের ময়লা পানি ছড়িয়ে পড়ছে। নৌকা দিয়ে যাতায়াত করা যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

মাঝিকাড়া ব্রীজসংলগ্ন ব্যবসায়ী কবির মিয়া জানান, দুর্গন্ধে দোকানে বসে থাকা দায়। তাছাড়া তারা যখন আগুন লাগিয়ে দেয় তখন তো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় রাস্তাঘাট, দোকানপাট। এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব সংকর দাস জানান, এরই মধ্যে নবীনগর পৌরসভার ময়লা-আবর্জনার জন্য ডাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। ডাম্পিং স্টেশন তৈরি করা হলে আবর্জনার সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করি।