স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে সাবেক সিসিক মেয়র কামরান

সিলেট অফিস

বিদেশ থেকে এসে কোয়ারেন্টাইনে না থেকে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনায় সাবেক সিসিক (সিলেট সিটি করপোরেশন) মেয়র কামরানের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে। এমতাবস্থায় এ ঘটনার জন্য  দুঃখ প্রকাশ করে তিনি হোম কোয়ারেন্টাইনে গেছেন বলে জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, সরকার বিদেশ ফেরতদের জন্য কোয়ারেন্টাইনে থাকার যে নির্দেশনা দিয়েছে সেটি তিনি জানতেন না। জানলে অবশ্যই মানতেন। এমনকি বিমান বন্দরেও কেউ তাকে বিষয়টি অবহিত করেনি। কোয়ারেন্টাইন সময়কালে তিনি আর কোনো সামাজিক কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন না বলেও জানান। কামরান ঐ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি লন্ডন থেকে দেশে আসি অন্য এক আবেগের টানে। আপনারা জানেন, এ বছরের ১৭ মার্চ একেবারেই ভিন্ন। এ রকম একটি দিন আমার জীবনে আর আসবে না। আওয়ামী লীগের এক জন রাজনীতিবিদ হিসেবে আমি এই দিনটাকে মিস করতে চাইনি। তাই দেশে চলে আসি। তবে দেশে ফিরে এয়ারপোর্টে সার্বিক নিয়ম অনুসরণ করেই বাড়ি ফিরেছি। যেমন আমাকে একটা হলুদ স্লিপ দেওয়া হলো তথ্য পূরণ করে দেওয়ার জন্য। এরপর আমার শারীরিক অবস্থা পরীক্ষা করা হলো। এরপর আমাকে বাসায় যেতে বলা হলো। আমি যথারীতি বাসায় চলে আসি।

বদরউদ্দিন আহমদ কামরান লন্ডনে ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ১৪ মার্চ দেশে ফেরেন। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনে ধানমণ্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে ফুল দেন তিনি।