মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
মাধবপুরের আব্দুল আওয়াল (২০) নামে এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে লাশটি উদ্ধারের পর হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে নোয়াপাড়া বেঙ্গডোবা গ্রামের মৃত হারিছ মিয়া ওরফে ডেঙ্গু মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকালে বাড়ি থেকে টমটম নিয়ে বের হলেও ঐ দিন আর বাড়িতে ফিরেনি। পরে বৃহস্পতিবার সকালে তার আত্মীয়স্বজন মাধবপুর থানায় এ বিষয়ে একটি জিডি করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, হাত-পা বাঁধা এবং গলার পেছন দিকে কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিনসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টমটমটি পাওয়া যায়নি।