গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
সরকারি নির্দেশ উপেক্ষা করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন স্থানে ২৭টি মাদ্রাসায় পাঠদান কার্যক্রম চালু ছিল। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন এসব মাদ্রাসায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে পৌর শহরের নয়াপাড়ায় মো. আবুল বাসার হুজুরের হাফেজিয়া মাদ্রাসায় যান। মাদ্রাসায় পাঠদান কার্যক্রম চালু রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আবুল বাসার ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে দুপুর থেকে মাদ্রাসাটি বন্ধের ঘোষণা দেন। অন্যদিকে শহরের গোলকপুর, রামগোপালপুর, শ্যামগঞ্জ, মানিকরাজ, পাছার বাজার, উপজেলা সদর, পূর্ব দাপুনিয়া, ভুটিয়ারকোনা, শালীহর, অচিন্তপুর বাজার, সিধলা, মাওহা বাজারের ২৬টি মাদ্রাসায় পৃথক অভিযানের পরিপ্রেক্ষিতে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান মাদ্রাসা বন্ধ ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম, শিক্ষা অফিসার মনিকা পারভীন, সমাজসেবা অফিসার ইশতিয়াক আহমেদের নেতৃত্বে যেখানে মাদ্রাসা চালু রাখার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই মনিটরিং টিমের সদস্যরা যাচ্ছেন।