ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলার দৌলতখানে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন।
জানা যায়, উপজেলার চর খলিফা ৩ নম্বর ওয়ার্ডের জামাল মৃধা বাড়ির মো. কবির হোসেনের ছেলে মো. ইলিয়াছ গত ১৪ মার্চ ঢাকায় বিয়ে করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে তাদের বাড়িতে বৌভাত হওয়ার কথা ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি এসে তাদের এ বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় সরকারিভবে সকল সভা সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ। এরই অংশ হিসেবে এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।