টেস্ট ক্রিকেটেই করোনার সমাধান!

স্পোর্টস ডেস্ক

দুই শীর্ষ ফরম্যাটে সর্বোচ্চ রান তার। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১০০টি সেঞ্চুরি। সেই শচিন টেন্ডুলকার করোনা ভাইরাসের সমাধানও খুঁজে পেয়েছেন ক্রিকেটেই।

করোনা ভাইরাসে বর্তমানে কাঁপছে ক্রিকেট বিশ্ব। বিশ্বব্যাপী চলমান এই মহামারি এশিয়া ও ইউরোপে ব্যাপক আকার ধারণ করেছে। ফলে, থেমে গেছে চলমান সব ধরনের খেলাধুলার আসর।

লিটল মাস্টার খ্যাত শচিন টেন্ডুলকার মনে করেন, করোনা ভাইরাসের সমাধান লুকিয়ে আছে টেস্ট ক্রিকেটে। শচিনের দাবি এখানেও টিমওয়ার্ক আর ধৈর্যধারণের দরকার আছে।

শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় এক কলামে তিনি লিখেছেন, ‘আমাদের এটাকে ভালোভাবে মোকাবিলা করতে হবে। পুরো বিশ্বই এখন কোভিড ১৯ নামক মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আছে। আমি মনে করি, ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ফরম্যাট থেকে শিক্ষা নেওয়ার জন্য এটাই আদর্শ সময়।’

সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান মনে করেন, করোনা ভাইরাস প্রতিরোধে পাঁচ দিনের ‘ক্রিকেটীয় অ্যাপ্রোচ’ মেনে চলা উচিত। তিনি লিখেছেন, ‘যেটা আপনি একদমই বোঝেন না, তাকে সম্মান করতে হবে। এটা যারা বোঝে টেস্ট ক্রিকেট তাদেরই পুরস্কৃত হবে। এটা আপনার ধৈর্যেও পরীক্ষা নেয়। যখন আপনি কন্ডিশন, উইকেট বা বোলার—কোনোটাই ঠিক মতো বুঝবেন না তখন আপনাকে রক্ষণাত্মক মানসিকতায় চলে যেতে হবে। রক্ষণই হলো টেস্টেও সেরা আক্রমণ কৌশল। আপনি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন আপনি তত ভালো মোকাবিলা করতে পারবেন প্রতিপক্ষকে।’

ভারতেও করোনা ভাইরাস কঠিন রূপ নিয়েছে। রেকর্ড ২০০টি টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে খেলা শচিন মনে করেন ক্রিকেটকে এখানে রূপকের মতো ব্যবহার করতে পারে বিশ্ব।

২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানানো ৪৬ বছর বয়সি এই কিংবদন্তি বলেন, ‘ক্রিকেটকে এখানে রূপকের মতো ব্যবহার করতে হবে। ব্যক্তিগত অনন্য পারফরম্যান্স ক্রিকেটের ছোটো ফরম্যাটে যে কোনো দলকে জেতাতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেটে প্রয়োজন জুটি আর টিমওয়ার্ক।’

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘টেস্ট ক্রিকেটে সবসময়ই আপনার জন্য ফেরার পথ খোলা থাকবে। কারণ, আপনার জন্য একটা দ্বিতীয় ইনিংস আছে। যদি, প্রথম ইনিংসে ব্যর্থও হন, চাইলে দ্বিতীয় ইনিংসে ফিরতে পারেন। করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বেও বিভিন্ন দেশ এখন বিভিন্ন পর্যায়ে আছে। তাদের সবাইকেই ভাবতে হবে যে, তারা একটি দলের অংশ। এখানে তাদের সেশন বাই সেশন খেলতে হবে, তবেই আসবে বিজয়।’