এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ, ফের
বাড়ছে চাল ডাল পেঁয়াজ রসুন আদার দাম
শাহীন হাফিজ, বরিশাল অফিস
করোনা ভাইরাসের আতঙ্কে বরিশালে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। মাত্র এক দিনের ব্যবধানে গতকাল শুক্রবার এখানকার পাইকারি বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। গত বৃহস্পতিবার বিক্রি হওয়া ৪০ টাকার পেঁয়াজ গতকাল ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও চাল, রসুন, ডাল, আদা, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। পাইকারি বাজারে এসব পণ্যের ব্যাপক আমদানি থাকলেও ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পাওয়ার সুযোগে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাবে ক্রেতারা বেশি পরিমাণে পণ্য ক্রয় করায় নিয়ন্ত্রণহীন হয়ে গেছে বাজার।
রসুন (দেশি) ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হলেও গতকাল তা ১০০ টাকা, রসুন (চায়না) ১৫০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল পাইকারি বাজারে ১৮০ থেকে ১৯০ টাকা, ১১০ টাকার চায়না আদা ১৭০, দেশি আদা ৯০ টাকার স্থলে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। কিছুদিন পূর্বে চালের দাম বাড়লেও ফের প্রকার ভেদে কেজি প্রতি ৭ থেকে ১০ টাকা বেড়েছে চালের দাম। সরেজমিনে নগরীর পাইকারি ও খুচরা বাজারে গিয়ে দেখা গেছে—যে যার মতো দাম বাড়িয়ে বিক্রি করছেন নিত্যপ্রয়োজনীয় পণ্য। দাম আরো বাড়তে পারে এমন গুজবে ক্রেতারা বেশি পরিমাণ ক্রয় করায় ঘণ্টায় ঘণ্টায় দাম বাড়ছে।
ক্রেতারা বলেন, বাজারে প্রত্যেকটি পণ্যের দাম বেড়েছে। কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। বাজারে কোনো ধরনের মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করছেন। একাধিক ক্রেতা জানান, বাজার মনিটরিংয়ের অভিযানের পরপরই ফের বাড়তি দামে নিত্যপণ্য বিক্রি হতে থাকে। তাদের মতে ভ্রাম্যমাণ আদালত যে টাকা জরিমানা করে তা পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকেই আদায় করেন বিক্রেতারা। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র বরিশাল জেলা সাধারণ সম্পাদক রনজিত্ দত্ত জানান, বাজার নিয়ন্ত্রণে সরকারের একাধিক সংস্থা থাকলেও সেগুলো তেমনভাবে কার্যক্রম ভূমিকা পালন করছে না। যার কারণে বাজারে একাধিক নিত্যপণ্যের দাম বেড়েছে। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি দোকানে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে দ্রব্য বিক্রয়ের অপরাধে মোট ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়াও গৌরনদী, মেহেন্দিগঞ্জ, উজিরপুর, মুলাদী ও বাকেরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।
সুন্নতে খাত্না ও বিয়ের অনুষ্ঠান বন্ধ
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান আরো জানান, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ রামকাঠী এলাকার জামাল হাওলাদারের বাড়িতে সুন্নতে খাত্নার অনুষ্ঠান আয়োজন ও চরআইচা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখাসহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হচ্ছে।