প্রশাসনের নিষেধাজ্ঞায় বান্দরবান ছাড়ছে পর্যটকেরা

করোনা ভাইরাস

বান্দরবান প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের নিষেধাজ্ঞায় বান্দরবান ছাড়ছেন দেশি-বিদেশি পর্যটকেরা। বৃহস্পতিবার সকাল থেকেই আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউজগুলো ছেড়ে পরিবহন যোগে গন্তব্যে ফিরছেন ভ্রমণে আসা পর্যটকেরা। জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদনকেন্দ্রেও লোক সমাগম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবত্ থাকবে। 

বান্দরবানের আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার খবরে পর্যটকের আগমন এমনিতেই অনেকটা কমে গিয়েছিল। এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞায় আবাসিক হোটেলগুলোতে সব ধরনের বুকিং বাতিল করা হয়েছে। সংকট দীর্ঘমেয়াদি হলে ধস নামবে পর্যটন শিল্পে।

ট্যুরিস্ট জিপ-মাইক্রো সমিতির নেতা মোহাম্মদ কামাল বলেন, ভ্রমণে আসা পর্যটকেরা বান্দরবান ছেড়ে যাচ্ছেন। অগ্রিম বুকিং নেওয়া পর্যটকদের ভাড়া বাতিল করা হচ্ছে।