করোনা :চিকিত্সকদের সুরক্ষা সরঞ্জামাদি নিশ্চিতের দাবি

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সংবাদ সম্মেলন

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস মোকাবিলায় চিকিত্সকদের যথাযথ সুরক্ষা সরঞ্জামাদি নিশ্চিতের দাবি জানিয়েছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। তারা বলেছেন, আক্রান্ত দেশগুলো থেকে আগত বাংলাদেশিদের তালিকা নিয়ে সন্দেহজনক এলাকাগুলো নিবিড়ভাবে রোগী শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা করা হোক এবং সব বিভাগীয় ও জেলা হাসপাতালগুলোতে কোভিড-১৯-এর দ্রুত পরীক্ষা এবং চিকিত্সা সুবিধা চালু করা করা হোক। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এম এইচ ফারুকী।

মূল প্রবন্ধ উপস্থাপনে ডা. ফারুকী বলেন, গত সপ্তাহে প্রায় ১৫ হাজার যাত্রী কোভিড-১৯ আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে এসেছেন। অথচ মাত্র ২ হাজার ২৫ জন বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে কোনো পদ্ধতিই ঠিকমতো কাজ করছে না। বাংলাদেশে প্রস্তুতি এবং কার্যক্রম এখন পর্যন্ত একমাত্র আইইডিসিআরের হাতে। এই রোগ নির্ণয়ের সুবিধা সম্বলিত আরো কয়েকটি ল্যাবরেটরি এই মুহূর্তে বাংলাদেশে আছে। আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) তাদের মধ্যে অন্যতম। কিন্তু সরকার তাদের কোভিড-১৯ শনাক্তের অনুমতি দেয়নি। এতে করে জনগণের দুর্ভোগ বেড়েছে এবং আক্রান্তের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এম এইচ চৌধুরী লেলিন, আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম লালা, ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. হারুন অর রশীদ প্রমুখ।