অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণার দাবি সিপিবির

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যয় রোধে অবিলম্বে দেশে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে তারা এই দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, সরকারের মন্ত্রীদের দিক থেকে নানা ধরনের অসত্য ও দায়িত্বহীন বক্তব্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। এধরনের দায়িত্বহীন বক্তব্য মানুষকে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলার পরিবর্তে অপ্রস্তুত ও অসতর্ক করবে। যার পরিণাম হবে ভয়াবহ। তারা বলেন, সারা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে যে মহাবিপর্যয় তৈরি হয়েছে, তা থেকে বাংলাদেশ সরকার কোনো শিক্ষা গ্রহণ করেনি। জরুরি ভিত্তিতে কিট বানানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।