গাজীপুরের কাপাসিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্য আদায়ের অপরাধে আট দোকান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাপাসিয়া ও রাওনাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মত ইসমত আরা।
ইউএনও সাংবাদিকদের জানান, বৃহস্পতিবারেও কাপাসিয়া বাজারে পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছিল। অথচ শুক্রবার দোকানিরা ৮০ টাকা কেজি করে পেঁয়াজ বিক্রি করছে। এছাড়াও চালসহ সব ধরনের পণ্য বেশি দামে বিক্রি করছিল ব্যবসায়ীরা। চালের দোকানিরা অভিযানের খবর পেয়ে দোকানপাট বন্ধ করে পালিয়ে গেছে।
কাপাসিয়া বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে পেঁয়াজের আড়তদার বিল্লালকে ৫০ হাজার টাকা, পেঁয়াজ ব্যবসায়ী দুলালকে ৩ হাজার, কমলকে ৩ হাজার, সিদ্দিকুরকে ২ হাজার ও শফিককে ৫ হাজার টাকা এবং রাওনাট বাজারের পেঁয়াজ ব্যবসায়ী প্রদীপকে ২ হাজার, বাবুলকে ১০ হাজার ও রফিকুলকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।