উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর গ্রামে একটি টেক্সটাইল মিলের মেশিনে পেঁচিয়ে রাসেল ইসলাম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল ঝালকাঠির রাজাপুর উপজেলার পালট গ্রামের ইলিয়াছ শরিফের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঐ গ্রামের রিপন টেক্সটাইল মিলে প্লাস্টিকের দানা থেকে সুতা তৈরির স্টুটার মেশিনের সুতা ছিঁড়ে গেলে তা জোড়া লাগাতে গিয়ে রাসেলের হাত মেশিনে পেঁচিয়ে যায় এবং তিনি মাথায় আঘাত পেয়ে মাটিতে ছিটকে পড়েন। পরে তার সহকর্মী রিফাত এবং আউয়াল দৌড়ে গিয়ে মিলের মেইন সুইচ বন্ধ করে রাসেলকে উদ্ধার করে মিল মালিক আলিমুজ্জামান রিপনকে দুর্ঘটনার খবর জানান। পরে রাসেলকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই নাসির উদ্দিন ঘটনা নিশ্চিত করেন।