আড়াইহাজারে করোনা আতঙ্কের সুযোগে চালের মূল্য বৃদ্ধি

উপজেলার সর্বত্র করোনা ভাইরাস আতঙ্কের সুযোগে চালের দাম বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। এ খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের ভ্রাম্যমাণ আদালত আড়াইহাজার সদর বাজারের তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, আমাদের কাছে অভিযোগ আসছে বাজারে প্রতি বস্তা চালের দাম ৩০০/৪০০ টাকা বাড়িয়ে বিক্রি করছে। এতে করে সাধারণ মানুষ মারাত্মক সমস্যায় পড়েছেন। এ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে বাজারের মদিনা রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা, মা রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা ও এ রহমানের চালের দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এক জন ক্রেতার নিকট থেকে অতিরিক্ত মূল্য নেওয়ায় তাত্ক্ষণিক তার টাকা ফেরত দেওয়া হয়। ১৫ মার্চ ১ হাজার ৭২০ টাকা বস্তা দরে যে চাল বিক্রি হয়েছে, বৃহস্পতিবার তা ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে বলে তিনি জানান।

এদিকে মোবাইল কোর্টের খবর পেয়ে বাজারের বেশির ভাগ দোকান বন্ধ করে মালিকরা পালিয়ে যায়। মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।