তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

তিন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় ট্রাকের চাপায় এক ব্যবসায়ী ও একজন ট্রাক শ্রমিক রয়েছেন। এরা হলেন— ইট ব্যবসায়ী হারুন অর রশিদ (৪২) ও ট্রাক শ্রমিক বাশার (৩২)। গতকাল বুধবার সকালে শনিরআখড়ায় জিয়া স্মরণি রোডে এই দুর্ঘটনা ঘটে। কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানান, যে ট্রাকটি এই দুর্ঘটনায় ঘটিয়েছে চালকসহ ওই ট্রাক আটক করা হয়েছে।

এ দিকে নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ড সংলগ্ন আতকাপাড়া নামক স্থানে গতকাল বুধবার সকালে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন— তপন মিয়া (১৪) ও শরীফ মিয়া (২৭)। নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসিকা আক্তার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টেকেরহাট (মাদারীপুর) সংবাদাদাতা জানান, রাজৈরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাত নারী (৫০) পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বড় ব্রিজের নিকট এই দুর্ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।