ইসিবির ঘোষণা

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব জুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রতিটি দেশই নানা পদক্ষেপ নিচ্ছে। বিশ্ব ক্রীড়াঙ্গন ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে। গতকাল সকালেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষণাটি। যেখানে ইসিবি জানিয়েছিল, আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সব ধরনের পেশাদার ক্রিকেট কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

তখনই মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সফরের আকাশে কালো মেঘ দেখছিল সবাই। গতকাল দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছিলেন, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করবেন এবং সিরিজের আয়োজক বোর্ডের দিকেই তাকিয়ে আছেন তারা।

গতকাল সন্ধ্যার আগেই প্রত্যাশিত সংবাদটি পাওয়া গেল। দুই বোর্ড সম্মিলিত সিদ্ধান্তে আগামী মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর স্থগিত করেছে। সাত ম্যাচের এই সিরিজ পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আর মাঠে গড়াচ্ছে না।

এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেট্রাম গতকাল এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা সিরিজটির নতুন তারিখ ঠিক করতে তাদের সঙ্গে কাজ করে যাব, যখন আমরা সবাই আরো নিশ্চয়তার সঙ্গে ভবিষ্যত্ নিয়ে পরিকল্পনা করার অবস্থানে যেতে পারব।’

তিনি আরো বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব এবং সেই সঙ্গে অন্যান্য ক্রীড়া সংস্থা, জনস্বাস্থ্য সংস্থা এবং আমাদের স্টেকহোল্ডারদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করব এবং নতুন ঘরোয়া মৌসুম সম্পর্কে যথাযথভাবে আপডেট সরবরাহ করব।’

বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি বেলফাস্টে এবং চার ম্যাচের টি-২০ সিরিজটি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইসিবির ঘোষণার পরই সবকিছু আরো অনিশ্চিত হয়ে পড়ে। বিসিবি ও আইরিশদের এই সিদ্ধান্তে উপনীত হওয়াটা তাই অনুমিতই ছিল।

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছিলেন, ‘দেরিতে মৌসুম শুরু করাটা খুব দরকার ছিল। জাতীয় ও বৈশ্বিক এই পরিস্থিতিতে ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট মৌসুম চালু করা হবে না।’

হ্যারিসন আরো বলেন, ‘মৌসুম শুরুর পর দ্য হ্যান্ড্রেড এবং টি-২০ ব্লাস্ট পাবে অগ্রাধিকার। ইসিবি আপাতত জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর ও ভারতীয় নারী দলের ইংল্যান্ড সফর মাথায় রেখে এগুচ্ছে।’

করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ইতিমধ্যে এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। এবার মে মাসের আয়ারল্যান্ড সফরও স্থগিত হলো।

আয়ারল্যান্ডের মাটিতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। বেলফাস্টের স্টরমন্টে সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে আগামী ১৪, ১৬ ও ২৯ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়োজনের সূচি চূড়ান্ত ছিল। তার আগে ১১ মে নর্থ ডাউন ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা তামিম ইকবালের দলের। পরে সূচি অনুযায়ী ২২ মে ওভালে প্রথম টি-২০ এবং ২৪ মে চেমসফোর্ড, ২৭ মে ব্রিস্টল ও ২৯ মে এজবাস্টনে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-২০ ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল।