বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের বিস্তারে বেশ সতর্ক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এক তরুণী ভক্তের সেলফি তোলার আবদারে কর্ণপাত করেননি তিনি। তরুণীর সেলফি তোলার আবদার ফিরিয়ে দিয়ে সোজা হেঁটে যাচ্ছেন কোহলি, এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বের হচ্ছেন কোহলি। এমন সময় এক তরুণী কোহলির দিকে এগিয়ে গেছেন সেলফি তুলতে। কিন্তু সোজা হেঁটে চলে গেলেন মাস্ক পরা কোহলি। তবে সেটি কোন বিমানবন্দর ছিল, তা ভিডিওতে উল্লেখ নেই। ধারণা করা হচ্ছে, গত ১২ মার্চ ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরের ভিডিও। ধর্মশালা থেকে লখনৌতে ফিরছিল ভারতীয় দল। অবশ্য করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তী সময়ে সিরিজটি স্থগিত করে দেওয়া হয়।