কোয়ারেন্টাইন ভেঙে মায়ের কাছে হিগুয়েইন

স্পোর্টস ডেস্ক

সতীর্থ দানিয়েলে রুগানি করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর থেকেই জুভেন্তাস ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন ছিলেন কোয়ারেন্টাইনে। তবে মায়ের অসুস্থতার খবর শুনতেই কোয়ারেন্টাইন ভেঙে বেশ ঝক্কি সামলে ঠিকই পৌঁছে গেছেন আর্জেন্টিনায়। রুগানির পর ব্লেইসে মাতুইদির করোনা আক্রান্ত হবার ফলে জুভেন্তাসের সব খেলোয়াড়কেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেটা ভেঙে মায়ের কাছে যেতে আগে নিজেকে করোনা ভাইরাস নেগেটিভ প্রমাণ করতে হয়েছে সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকারকে। এরপর মিললো ক্লাবের সম্মতি।  

ঝামেলা এখানেই শেষ নয়। উত্তর ইতালিতে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার, মারা গেছেন প্রায় ৩ হাজারের মতো মানুষ। ফলে অন্যান্য দেশের সঙ্গে ইতালির যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। তবে সেটা হিগুয়েইনের অদম্য ইচ্ছার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দেশটির সঙ্গে আর্জেন্টিনার সরাসরি যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় সাবেক ন্যাপোলি ফরোয়ার্ড প্রথমে ইতালি থেকে পাড়ি দেন ফ্রান্সে। সেখান থেকে স্পেন হয়ে আকাশপথে পৌঁছেছেন বাড়ি, ফিরেছেন মায়ের কোলে। তবে স্বদেশে ফিরেও হিগুয়েইনের স্বস্তির নিঃশ্বাস ফেলার জো নেই মোটেও। সেখানেও করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি খুবই নাজুক। এরই মধ্যে আর্জেন্টিনায় ১৩০-এর মতো মানুষ আক্রান্ত হয়েছেন রোগটিতে, মৃত্যুবরণ করেছেন তিন জন। যার দরুন দেশটি ‘লকডাউন’ করে দিতে বাধ্য হয়েছে সরকার। ফলে দেশে গিয়ে খাদ্য ও ওষুধ কেনা ছাড়া বাইরে বেরোতে পারবেন না এ স্ট্রাইকার।

চলতি মৌসুমে অবশ্য ক্লাবের হয়েও খুব একটা ভালো সময় যাচ্ছে না আর্জেন্টাইন এই স্ট্রাইকারের। কোচ মাউরিজিও সারির অধীনে শুরুর একাদশে থাকছিলেন নিয়মিতই। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে খেলেও গোল করেছেন মোটে আটটি, যোগানের সংখ্যাও একই। শেষ লিগ গোলটা এসেছিল সেই জানুয়ারির শুরুতে, ক্যালিয়ারির বিপক্ষে। ক্ষয়িষ্ণু এ ফর্ম আসছে গ্রীষ্মেই হিগুয়েইনের দলবদলের গুঞ্জন তুলছে জোরেশোরেই। শোনা যাচ্ছে পুরোনো ডেরা স্পেনে ফিরতে পারেন তিনি। এ যাত্রায় তার ঠিকানা হতে পারে অ্যাথলেটিক বিলবাও।