করোনা সচেতনতায় মাহবুবুল এ খালিদের গান

বিনোদন রিপোর্ট

 

বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনা। চীনের উহান থেকে শুরু হওয়া এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ছে প্রায় সারাবিশ্বে। কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। তবে একটু সচেতন হলে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এজন্য আতঙ্কিত না হয়ে প্রয়োজন সাধারণ কিছু স্বাস্থ্য বিধি মেনে চলা। করোনা ভাইরাস প্রতিরোধে যেসব বিষয় মেনে চলা প্রয়োজন সে সম্পর্কে গান লিখেছেন গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘করোনাকে ভয় করো না’ শিরোনামের গানটির সুরও করেছেন তিনি। সচেতনতামূলক গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের ৪ তরুণ শিল্পী। তারা হলেন কিশোর দাশ, মুহিন খান, হাসনাত তাসনিম সংগীতা ও নওশীন তাবাসসুম স্মরণ। গানটির সংগীতায়োজন করেছেন রোমান রহমান। গত বৃহস্পতিবার মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও মুক্তি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বলেন, ‘বিশ্বজুড়ে বর্তমানে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। করোনা নিয়ে মানুষের মাঝে ঢুকে গেছে ভয়। তাই নিজের দায়িত্ববোধ থেকেই গানটি তৈরি করেছি।’