যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলার মাহামুদআলীপুর গ্রামের একটি খেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। শনিবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, নিহত ঐ নারীর পরনে নীল রঙের পায়জামা ও কালো রঙের বোরখা রয়েছে। এছাড়া গোলাপি রঙের একটি ছাপা ওড়না দিয়ে মাথা বাঁধা ছিল। তার গলা ও মুখে রক্তের দাগ রয়েছে। কিছুটা দূরে একটি ব্যাগের মধ্যে হানিফ পরিবহনের বাসের টিকিট ও পানির বোতল পাওয়া গেছে। বাসের টিকিটে রেহেনা নাম লেখা। টিকিটটি ঢাকার আব্দুল্লাহপুর থেকে যশোর আসার জন্য কাটা হয়েছিল।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।