কচুয়ার দুই কিলোমিটার রাস্তা বেহাল

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ার চারটভাঙ্গা বাজার হতে প্রসন্নকাপ ভায়া কান্দিরপাড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ না হওয়ায় ১০ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় ভরে যায়। এতে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ঐ এলাকার লোকজনকে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হয়। ১০ গ্রামের মানুষের প্রাণের দাবি রাস্তাটি পাকাকরণের জন্য।

স্থানীয় কামরুল হাসান ও শাহজাহান হোসেন জানান, উপজেলার চারটভাঙ্গা-প্রসন্নকাপ সড়কে ২০ বছর আগে কিছু অংশ পাকা হলেও কান্দিরপাড় অংশে দুই কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়নি। একটুখানি বৃষ্টি হলে রাস্তা এতবেশি কাদা হয় যে, যানবাহনের চাকা আটকা পড়ে যায়। সাধারণভাবে চলাচল ছাড়াও হাট-বাজারে বিক্রির জন্য মালামাল নিয়ে যেতে এবং মালামাল কিনতে চরম দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ জানান, রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা প্রশাসনের দফায় দফায় দৃষ্টি আকর্ষণ করে আসছি। কিন্তু বাস্তবমুখী কোনো পদক্ষেপ আজও নেওয়া হয়নি। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।