লোহাগাড়ায় প্রবাসীকে জরিমানা
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ায় হোম কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করায় দুবাই ফেরত মো. ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের পুরাতন থানার মুন্সিভিলা ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।
কোয়ারেন্টাইন অমান্য করায় তিন প্রবাসীকে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাত কোয়ারেন্টাইনে না থাকায় নন্দীগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটুয়া গ্রামের অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার এ জরিমানা করেন।
জুড়ীতে প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জুড়ীতে শুক্রবার রাতে হোম কোয়ারেন্টাইন না মানায় রফিকুল ইসলাম সুহেল নামের এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জয়পুরহাটে এক জনকে জরিমানা
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে শনিবার হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুবাই ফেরত এক মহিলাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিকুল হাসান ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিঙ্গাপুর প্রবাসীকে জরিমানা
নেত্রকোনা প্রতিনিধি সিঙ্গাপুর থেকে নেত্রকোনার কেন্দুয়ায় নিজ বাড়িতে আসা মোজাম্মেল হোসেন নামের এক প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার এই জরিমানা করা হয়। এদিকে নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন প্রবাসীকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৮০৭ জনের তালিকা পেয়ে বাকিদের খুঁজে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করছে প্রশাসন।
রাঙ্গামাটিতে এক জনকে জরিমানা
রাঙ্গামাটি প্রতিনিধি রাঙ্গামাটিতে শনিবার হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করে যত্রতত্র ঘুরে বেড়ানো এক প্রবাসীকে জরিমানা ও তিন জনকে সতর্ক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে আজ দুপুর ২টা পর্যন্ত রাঙ্গামাটি ও কাপ্তাই উপজেলায় ৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
নবীনগরে চার প্রবাসীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় চার প্রবাসীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওসমানীনগরে প্রবাসীর ২০ হাজার টাকা জরিমানা
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা ওসমানীনগরে শনিবার দুপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুনামগঞ্জে আরো ৪৮ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে
সুনামগঞ্জ প্রতিনিধি গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে আরো ৪৮ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে গত ছয় দিনে সুনামগঞ্জে ইতালী, স্পেন, ওমান, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ৯১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হলো।
হোম কোয়ারেন্টাইনে ১২৪
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ভোলার সাত উপজেলায় গত ৩৬ ঘণ্টায় আরো ১১০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ভোলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে।
করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে প্রশাসন
সাতক্ষীরা প্রতিনিধি করোনো ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও বাজারে স্থিতিশীলতা রক্ষায় শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে গঠিত টিম মাঠে নেমেছে। ইতিমধ্যে জেলায় সব গণজমায়েত নিষিদ্ধ ও পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘোরাঘুরি করার বিরুদ্ধে ১৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
দিনাজপুরে হোম কায়ারেন্টাইনে ৫১ জন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের হস্তক্ষেপে দিনাজপুরে বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইনের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার দিনাজপুর জেলায় ১৮ জন হোম কোয়ারেন্টাইনে থাকলেও শুক্রবার দিনাজপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৫১ জন প্রবাসীকে। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে ১০টিতে শুক্রবার পর্যন্ত ৫১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
খুলনায় হোম কোয়ারেন্টাইনে ২৬৩ জন
খুলনা অফিস খুলনায় ২৬৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। একদিনের ব্যবধানে এই সংখ্যা ৬৫ জন বেড়েছে। এর আগে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৯৮ জন।
লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইনে ৪৭৩ জন
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় ৪৭৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা ছিল ৪৫০ জন। নতুন ২৩ জন যোগ হয়ে সংখ্যা দাঁড়াল ৪৭৩ জনে। এছাড়া নির্ধারিত ১৪ দিন মেয়াদ শেষ হওয়ায় দুজনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়। সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত কেউ নেই। তবে বিদেশ ফেরত ৪৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কোয়ারেন্টাইন না মেনে বাল্যবিবাহ করতে এসে পালিয়েছে বর
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা প্রবাস থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাল্য বিয়ে করতে এসে পালিয়েছে বর। শুক্রবার রাতে মতলব দক্ষিণ উপজেলার পয়ালী গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক বলেন, পলাতক যুবকের খোঁজ চলছে।
দোহার ও নবাবগঞ্জে ২৬১ জন হোম কোয়ারেন্টাইনে
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শনিবার সকাল পর্যন্ত নবাবগঞ্জে ২১০ জন ও দোহারে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সদরপুরে হোম কোয়ারেন্টাইনে ৫২ জন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলায় এ পর্যন্ত ৫২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সল জানান, শনিবার পর্যন্ত উপজেলায় ৫২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
চাটমোহরে ১৩৯ জন হোম কোয়ারেন্টাইনে
চাটমোহর (পাবনা) সংবাদদাতা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিদেশ ফেরত ১৪৯ জনের মধ্যে ১৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ১০ জন ঢাকায় অবস্থান করছেন। তবে তারা স্বাভাবিক।
আড়াই হাজারে বিদেশফেরত ৫৫০ জন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা আড়াইহাজারের বিভিন্ন গ্রামে ৫৫০ জন বিদেশফেরত রয়েছেন। গত ১ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত এই সকল লোক বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বিদেশফেরতদের মধ্যে মালয়েশিয়া, সৌদি আরব, ইতালি, কাতার, দুবাইের লোক বেশি। প্রতিটি গ্রামের পুলিশ পাঠিয়ে এদের খবর নেওয়া হচ্ছে। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে রাখা হবে।
বেগমগঞ্জে কোয়ারেন্টাইনে ৯১ জন
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা বেগমগঞ্জে এ পর্যন্ত ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে ১৫ মার্চ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে যে ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল, তার রক্তের নমুনা পরীক্ষা শেষে আই ই ডি সি আর নেগেটিভ রিপোর্ট দিয়েছে।